মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এবার মাদকের আস্তানা ধ্বংসে বাঁশের লাঠি ব্যবহারের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশের ধরন নিয়েও সমালোচনা করেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পোস্টে ইশরাক হোসেন অভিযোগ করেন, কয়েকটি পরিচিত গণমাধ্যমের আইনজীবী প্যানেল থাকলেও মাদকবিরোধী অভিযান নিয়ে তাদের সংবাদ প্রকাশের ধরন প্রশ্নবিদ্ধ। তাঁর ভাষ্য, এসব গণমাধ্যমের সংবাদ দেখে মনে হচ্ছে, মাদকের আখড়াগুলোর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এ বিষয়ে তিনি ‘অপেক্ষা করে দেখার’ কথাও উল্লেখ করেন।
পোস্টে প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব মাদকের আখড়া বিভিন্ন গণমাধ্যমকে অর্থায়ন করে থাকতে পারে, সেগুলোও গুঁড়িয়ে দেওয়া হবে। নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য তাঁর বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল উল্লেখ করে তিনি জানান, এখন থেকে মাদকের আস্তানা ধ্বংস করতে বাঁশের লাঠি ব্যবহার করবেন।
ইশরাক হোসেন বলেন, এসব অভিযানের সময় পুলিশ ঘটনাস্থলে থাকবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তবে কোন কোন গণমাধ্যম বা মাদকের আস্তানার বিরুদ্ধে তাঁর অভিযোগ, সে বিষয়ে পোস্টে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করা হয়নি।