মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক নারীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রীতালিকা অনুযায়ী, নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। উড়োজাহাজটিতে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁদের সবার জাতীয়তা ভারতীয় বলে যাত্রীতালিকায় উল্লেখ রয়েছে।
নথি অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। সি৯০এ (C90A) মডেলের উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর পাইলটরা উড়োজাহাজটি ঢাকায় জরুরি অবতরণ করান। এরপর অসুস্থ নারীকে দ্রুত নামিয়ে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়।
তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল, তা এখনো জানা যায়নি। ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।