সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে সরকারি বিভিন্ন দপ্তরের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ চালককে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মিনি কনফারেন্স রুমে কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
কর্মসূচির আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ ৩৯টি মন্ত্রণালয়ের চালকদের চোখ পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল অনুযায়ী যাঁদের প্রয়োজন হবে, তাঁদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।
পাঁচ দিন ধরে চলবে এ কার্যক্রম। ১৮ ও ১৯ অক্টোবরের পাশাপাশি ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ ছাড়া ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের পরিষ্কার দৃষ্টিশক্তি অত্যন্ত জরুরি। চোখের সমস্যার কারণে দুর্ঘটনার ঝুঁকি কমানোর পাশাপাশি চালকদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
চালকদের শারীরিক সক্ষমতা ও সুস্থতার বিষয়গুলো বিবেচনার পাশাপাশি তাঁদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাও সড়ক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন আয়োজকেরা।