রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরবেন।
বর্তমানে রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে বিষয়টি আবারও সামনে এসেছে। বর্তমান সচিবালয়ের জায়গায় নিম্ন আদালতের কার্যক্রম শুরুর প্রস্তাবের পাশাপাশি সচিবালয় আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছিলেন, বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে স্থানান্তরের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী জানান, সচিবালয় স্থানান্তর নিয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনার ভিত্তিতে নীতিগত ও প্রাথমিক পর্যায়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে পরবর্তী পদক্ষেপ দ্রুত নেওয়ার লক্ষ্য রয়েছে।
সচিবালয়ের বর্তমান অবকাঠামো নিয়ে কয়েকটি সমস্যার কথাও তুলে ধরেছেন গৃহায়নমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, গাড়ি পার্কিং ও জায়গার সংকটের কারণে সেখানে প্রায়ই জটিলতা তৈরি হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনাতেও সমস্যা দেখা দেয়।
এ ছাড়া সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ভবনগুলোর মেরামত এবং স্থায়ী বিকল্প অবকাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মন্ত্রী।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের পরিকল্পনা অনুযায়ী মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই সচিবালয় স্থানান্তরের প্রস্তুতি ও মূল কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন এবং অনুমোদনের বিষয়টি এখনো সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।