1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোমবার উদ্বোধন হচ্ছে ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী ইনানীর টুপটুপ রিসোর্টে আগুন: ম্যানেজার সুমন গ্রেপ্তার টুপটুপ রিসোর্টে আগুন: মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীরের খোঁজ নেই ইনানীর রিসোর্টে আগুনে স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ জনকে হারালেন নূর আলম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকত: স্পিকার গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত, একই পরিবারের তিনজন শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ছয়জনের

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাতীয় পতাকা অর্জন শুধু সম্মানের বিষয় নয়, বরং দেশের প্রতি দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব।

রোববার (১৮ অক্টোবর) সাভারে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

সেনা পরিবারের সদস্য হিসেবে বেড়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, ভিন্ন পরিচয়ে অনুষ্ঠানে উপস্থিত হলেও সেনাবাহিনীর পরিবেশ তাঁর কাছে অপরিচিত নয়।

পেশাগত সাফল্য ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করেছে। এ অর্জনের জন্য ইউনিটগুলোকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ড কেবল একটি পতাকা নয়; এটি সংশ্লিষ্ট ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব ও দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক। জাতীয় পতাকার গৌরব স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের জন্য মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।

মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পর চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করেন। পরে তিনি বাংলাভাষী কর্মকর্তা ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন।

তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে জিয়াউর রহমান স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি আবারও স্বাধীনতার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর মতে, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ওই সেনাকর্মকর্তার ভূমিকা সশস্ত্র বাহিনীর জন্য অনুপ্রেরণার একটি গৌরবময় অধ্যায়।

আধুনিক সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শুধু অস্ত্র, সরঞ্জাম কিংবা জনবল দিয়ে একটি বাহিনীর প্রকৃত শক্তি নির্ধারিত হয় না। শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ, জনগণের আস্থা এবং সর্বোপরি চেইন অব কমান্ড একটি বাহিনীর কার্যকারিতার গুরুত্বপূর্ণ ভিত্তি।

তিনি জানান, সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান বিশ্বে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও ইলেকট্রনিক যুদ্ধ জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ বাস্তবতা বিবেচনায় প্রতিরক্ষা প্রস্তুতিও সময়োপযোগী করা হচ্ছে।

সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি দেশেই অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সেনাসদস্যদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং অবসর-পরবর্তী সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, জাতীয় পে-স্কেলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৩৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি