এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সাধারণ শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত অগ্রগতি অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের বছরের পর বছর পরীক্ষার জন্য অপেক্ষা করানো কিংবা অযথা সময়ক্ষেপণের সুযোগ দেওয়া হবে না। অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা বন্ধ করে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, যারা সাধারণ শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারবে না, তাদের কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে খেলাধুলা চালু হয়েছে এবং মাধ্যমিক পর্যায়েও এ কার্যক্রম চলছে। পাশাপাশি আয়োজন করা হচ্ছে প্রধানমন্ত্রী গোল্ডকাপ।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দমুখর পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা ড. সরদার মো. কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. রেজাউল করিম বাদশা।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে নবনিযুক্ত সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা এবং শিক্ষা প্রশাসন-সংক্রান্ত জ্ঞান বাড়ানোর সুযোগ তৈরি হবে।