ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতনের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মোদির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, “তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।”
মোদির পতন হলে ভারতের পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সে বিষয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। আসিফ নজরুলের মতে, মোদির বিদায়ে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। একই সঙ্গে দেশটির সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য কমার সম্ভাবনাও রয়েছে।
আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, মোদির পতন হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর ঘনিষ্ঠ একজন মিত্রকে হারাবেন।
পোস্টের শেষাংশে আসিফ নজরুল বাংলাদেশের মানুষের ভোগান্তির প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর ভাষ্য, মোদি ও তাঁর রাজনীতির কারণে বাংলাদেশের যেসব মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মোদির পতন হলে তাঁরা ও তাঁদের পরিবার কিছুটা সান্ত্বনা পেতে পারেন।
পোস্টের শেষ বাক্যে তিনি লেখেন, “মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।”