সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ ছেড়েছেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন।
এর আগে একই দিন দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
দলীয় সূত্রের ভাষ্য, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনাকে ঘিরেই মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছিলেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বুধবার রাতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর তাঁর দলীয় পদ ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি সামনে আসে।
তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।