রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও দলীয় সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মিষ্টিকে সংসদ সদস্য পদ ছাড়ার পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগ করতে বলা হয়েছে।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। বৃহস্পতিবারই তা জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। ওই ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর তাঁর দলীয় ও সংসদ সদস্য পদ ছাড়ার বিষয়টি নতুন করে সামনে আসে।
দলীয় সূত্রগুলো বলছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় মিষ্টির পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।