চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেয় প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
মামলার আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নাম রয়েছে। তবে বাকি আসামিদের নাম এখনো প্রকাশ করেনি প্রসিকিউশন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাটির বিষয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত চালিয়েছে তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন।
পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।