দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য এবং পারস্পরিক যোগাযোগ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষ্য, বিভিন্ন বিষয়ে তীব্র সমালোচনা বা মতপার্থক্য থাকলেও দুই পক্ষের মধ্যে যোগাযোগ না থাকলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, দেশের চারপাশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারী সক্রিয় রয়েছে। তিনি দাবি করেন, পাশের দেশ থেকে বোমা রেখে ছবি তুলে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে এবং এর বিনিময়ে অর্থ দেওয়ার কথাও বলা হচ্ছে।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা বিরোধী দলের অধিকার। একই সঙ্গে কথা বলার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
রিজভী বলেন, দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোথাও বিরোধী দলের কর্মসূচিতে তাদের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না করা হয়। একই সঙ্গে তিনি সত্য কথা বলার ওপর গুরুত্ব দেন। পণ্যের দাম বাড়ার কারণ নিয়ে আলোচনা হচ্ছে এবং সরকারও এর ব্যাখ্যা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা অশালীন বক্তব্যের সংস্কৃতি এড়িয়ে চলা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে মন্তব্য করেন এবং সরকারি দলের পক্ষ থেকে দেওয়া পাল্টা বক্তব্য শালীনতার সঙ্গে হওয়া উচিত বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র সমালোচনা এবং মতপার্থক্য থাকতেই পারে। তবে যোগাযোগের ন্যূনতম জায়গা বজায় রাখা জরুরি। তার মতে, দুই পক্ষের মধ্যে ঐক্য ও যোগাযোগের পরিবেশ নষ্ট হলে এর প্রভাব রাষ্ট্রের ওপর পড়বে।