সংবিধানের সর্বোচ্চতা বজায় রাখা এবং আইনের শাসন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান অ্যাটর্নি জেনারেল। পরে রাষ্ট্রের আইনগত স্বার্থ ও অধিকার রক্ষায় তাঁর কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
আলোচনায় ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার সংরক্ষণ এবং রাষ্ট্রের আইনগত স্বার্থ রক্ষার বিভিন্ন বিষয় উঠে আসে। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিষয়েও মতবিনিময় করেন তারা।
রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে আইনের শাসন ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎ শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব উপস্থিত ছিলেন।