নেত্রকোণা-৪ আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তারা। যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত থেকে নেতাকর্মীদের বিদায় জানান লুৎফুজ্জামান বাবর। তবে তিনি নিজে ওমরাহ সফরে যাননি।
তার ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জানান, বাবরের নিজস্ব অর্থায়নে মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন নেতা-কর্মী এই সফরে অংশ নিয়েছেন।
ওমরাহ কাফেলায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব রয়েছেন।
মদন উপজেলা থেকে রয়েছেন বিএনপি সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি শামীম হাসান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন।
খালিয়াজুরী থেকে সফরে যুক্ত হয়েছেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।
বিমানবন্দরে বিদায় দেওয়ার সময় লুৎফুজ্জামান বাবর বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জোরদার করার চিন্তা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। পরকাল ও আখেরাতের কথা স্মরণ করে পর্যায়ক্রমে এলাকার আরও নেতা-কর্মীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।