উত্তর আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ চলছে, তা প্রশমিত হতে পারে।
এতে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গাতেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একই সময়ের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিনও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকার পর পাঁচ দিনের শেষ দিকে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।