রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রেখে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। এতে ভারতসহ মোট ১০টি দেশ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই শুল্কের আওতায় পড়তে পারে।
বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ নামে বিলটি ভোটে তোলা হয়। ৪৩৫ সদস্যের পরিষদের ৪২১ জন ভোট দেন। এর মধ্যে ২৬২ জন বিলটির পক্ষে এবং ১৫৯ জন বিপক্ষে ভোট দেন।
ভারত ছাড়া সম্ভাব্য শুল্কের তালিকায় থাকা অন্য দেশগুলো হলো—চীন, হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।
বিলটির আগে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটেও অনুমোদন হয়েছে। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর এখন এটি প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।
প্রস্তাবিত আইনের যুক্তি হলো, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ জ্বালানি তেলের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু কয়েকটি দেশ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে আসছে।
বিলটির প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে নিয়মিত ও উল্লেখযোগ্য পরিমাণে তেল কেনা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে তাদের পণ্যে যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।
বিলটির অন্যতম প্রধান প্রস্তাবক ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত ৭ আগস্ট সিনেটে বিলটি পাস হওয়ার চার দিন পর ওয়াশিংটনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
সূত্র: এপি, দ্য হিন্দু