জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায়ে হতাশা প্রকাশ করেছেন তাঁর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ হতাশার কথা জানান।
আইনজীবী আমির হোসেন বলেন, রায়টি তাঁর কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে এবং তিনি হতাশ। তবে হতাশার কারণ জানতে চাইলে তা ব্যাখ্যা করতে রাজি হননি তিনি।
এই মামলায় হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অপর তিন আসামি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। চার আসামিই পলাতক থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন আমির হোসেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অন্যদিকে, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করেন আমির হোসেন।
এর আগে আইনজীবী আমির হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলাতেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।