প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর। তবে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি উড়োজাহাজটি। বর্তমানে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রুটি মেরামতের অপেক্ষায় রয়েছে ফ্লাইটটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পর তা সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিমানের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল উড়োজাহাজটির ত্রুটি সমাধানের চেষ্টা করছে।
ফ্লাইটের এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে যাত্রীদের বোর্ডিং সম্পন্ন হয়। এরপর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা যায়।
পরিস্থিতি বিবেচনায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার কারণে প্রধানমন্ত্রীর দেশে ফেরার নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন। এ ছাড়া দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়। সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।