সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগের প্রায় ছয় মাস পর মারা গেছেন রাজবাড়ীর গোয়ালন্দের ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিথীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার বাসিন্দা।
পরিবারের ভাষ্য, গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিথীর সিজারিয়ান সেকশন করা হয়। অস্ত্রোপচারের সময় তার পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।
অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগতে থাকেন বিথী। প্রায় দুই মাস পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও অস্ত্রোপচার করাতে হয়। পরে নাড়িতে জটিলতা দেখা দিলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।
পরিবার জানায়, পরবর্তী সময়ে বাইপাস সার্জারিসহ একাধিক জটিল চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার উন্নতি হয়নি। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ৬১ কেজি ওজনের বিথীর ওজন কমে দাঁড়ায় ৩৮ কেজিতে। এমনকি নিজের নবজাতক সন্তানকে কোলে নেওয়া কিংবা তাকে বুকের দুধ খাওয়ানোর মতো শারীরিক অবস্থাও তার ছিল না।
বিথীর স্বামী রাকিবুল ইসলাম বলেন, স্ত্রীকে সুস্থ করতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বিথীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।
ইউএনও জানান, এর আগে জেলা প্রশাসক ও তিনি বিথীর বাড়িতে গিয়ে তার শিশুসন্তানকে দেখেছেন।