ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (৮ নভেম্বর) পাঠানো ডিও লেটারে মহাসড়কটি চার লেনে উন্নীত করতে প্রয়োজনীয় সমীক্ষা, পরিকল্পনা প্রণয়ন ও প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ সড়ক দিয়ে নেত্রকোণা ও সুনামগঞ্জের কয়েকটি উপজেলার মানুষ ময়মনসিংহ বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।
ক্রমবর্ধমান জনসংখ্যা, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের কারণে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়ছে। এ অবস্থায় বিদ্যমান দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করা জরুরি বলে চিঠিতে উল্লেখ করেছেন ডেপুটি স্পিকার।
ডিও লেটারে বলা হয়, মহাসড়কটি চার লেনে উন্নীত হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যাতায়াতের সময় এবং পরিবহন ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে কৃষি, মৎস্য ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে। বিরিশিরি, দুর্গাপুর, সোমেশ্বরী নদীসহ নেত্রকোণার বিভিন্ন পর্যটনকেন্দ্র ও হাওরাঞ্চলে যাতায়াতও আরও গতিশীল হবে।
চিঠিতে বৃহত্তর যোগাযোগ অবকাঠামো উন্নয়নের আরও দুটি প্রস্তাবের কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক ছয় থেকে আট লেনে উন্নীত করা এবং কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর চার লেনের সেতু নির্মাণ। এসব পরিকল্পনার সঙ্গে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ডেপুটি স্পিকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, মহাসড়কটি চার লেনে উন্নীত হলে নেত্রকোণাসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।
এখন এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ওই অঞ্চলের মানুষ।