রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেটে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত সিলেটে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
এক দিনের সফরে রাষ্ট্রপতির হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের কথা রয়েছে। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের কর্মসূচিস্থল, যাতায়াতের সড়ক এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে যাবেন হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে।
দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফরসূচি অনুযায়ী, রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।