দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’ বা পরিবার কল্যাণকেন্দ্র হিসেবে চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দিয়ে নতুনভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি ফাউন্ডেশনের মোবাইল ক্লিনিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়া। আগের শাসনামলে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং স্বাস্থ্যখাতকে দুর্নীতিগ্রস্ত ও দুর্বল করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ওই ফ্যাসিস্টদের নাম আমরা উঠিয়ে দেব, নো কমিউনিটি ক্লিনিক।’ তাঁর ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানকে পরিবার কল্যাণকেন্দ্র হিসেবে নতুনভাবে চালু করা হবে এবং সেখানে চিকিৎসক দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা অবকাঠামো নির্মাণে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যখাতে পরিবর্তন আনতে সরকারকে দুই বছর সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে চিকিৎসার জন্য কোনো রোগীকে ভারতে যেতে না হয়। দেশের রোগীদের দেশেই উন্নত চিকিৎসা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকদের মেধা অন্য দেশের চিকিৎসকদের চেয়ে কম নয়।
এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ঢাকা মেডিকেল কলেজসহ ছয়টি হাসপাতালে রোবটিক সার্জারি চালুর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এ ব্যবস্থায় রোবটের সহায়তায় অস্ত্রোপচার করা হবে এবং চিকিৎসকেরা যন্ত্র পরিচালনায় ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিমসহ অন্যরা।