রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ উঠেছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, এমন ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
অভিযোগের বিষয়ে ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভ্যন্তরীণ কিছু বিষয় জানতে ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিলেন। মারধরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্বাস্থ্য সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ঢাকার বাইরে থাকায় তিনি তখনো ঘটনাটি সম্পর্কে অবগত ছিলেন না। খোঁজ নিয়ে বিষয়টি জানাবেন বলে জানান তিনি। একই সঙ্গে কার্যালয়ে প্রবেশ করে এভাবে কাউকে হেনস্তা করা মোটেও উচিত হয়নি উল্লেখ করে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন স্বাস্থ্য সচিব।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেছেন তিনি।