1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের ভাতে সেদ্ধ টিকটিকি, শিক্ষার্থীদের অসন্তোষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে খাবার খেতে গিয়ে ভাতের সঙ্গে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খাওয়ার সময় ভাতের মধ্যে টিকটিকি দেখতে পান বলে দাবি করেছেন শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ছবি পোস্ট করেন তিনি।

আরেফিন তানভীর জানান, দুপুরের খাবার খেতে বসে প্লেটের প্রায় অর্ধেক ভাত খাওয়ার পর তিনি সেদ্ধ টিকটিকিটি দেখতে পান। এরপর বিষয়টি ডাইনিং পরিচালককে জানিয়ে সেখান থেকে চলে যান।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর হলের খাবারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। প্রতিদিন খাবার তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ সতর্কতা বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত করতে ডাইনিং ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ডাইনিং পরিচালক জানান, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না কিংবা খাবার পরিবেশনের সময় বিষয়টি কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর ওই পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে।

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রভোস্ট। তাঁর ভাষ্য অনুযায়ী, অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দিয়েছেন এবং ওই পাতিলের ভাত আর পরিবেশন করা হয়নি বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি