ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত। মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
মামলায় আসামি তিন সহোদর ভাই মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া এবং রিপন মিয়া ওরফে জিবুকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রিপন মিয়া ওরফে জিবু পলাতক রয়েছেন।
এ ছাড়া আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে আসাদুলও পলাতক।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।