নান্দাইলে জুয়া, মাদক কারবার ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেছেন, চিহ্নিত কোনো মাদক কারবারিকে নান্দাইল থাকতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মুশুলী ইউনিয়ন ও নান্দাইল চৌরাস্তা এলাকার চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কৃষিপণ্যের জন্য সারের কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, দুই-একটি বাস পোড়ানোর ঘটনায় বিএনপি চিন্তিত নয়। এ ধরনের বিষয় রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের নিয়মিত সভা-সমাবেশ ও মিছিল চালিয়ে যাওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানানোর নির্দেশ দেন। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
সভায় নাম-পরিচয়বিহীন ভুয়া সংবাদ আইডি শনাক্ত করে নান্দাইলের সুনাম ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় সাংবাদিকদের মিথ্যা ও অপতথ্য প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী। পাশাপাশি ভুয়া ফেসবুক আইডি শনাক্তে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেলের দেবাশীষ কর্মকার, নান্দাইলের বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা সুলতানা, কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলামসহ রাজনৈতিক নেতা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক সদস্য মিজানুর রহমান লিটন, বাবু পল্লব রায়, হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী এবং মহিলা সদস্য ফারহানা বিনতে ইভা।