দলিল নিবন্ধনের কাজ করে দেওয়ার বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের দুদক জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা গেছে, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য ওই কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকার পরও সেগুলোর নিবন্ধন প্রক্রিয়া আটকে রাখা হয় বলে অভিযোগ।
পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ২ লাখ টাকা দাবি করেন বলে দুদকের কাছে অভিযোগ করা হয়।
পরিস্থিতিতে ভুক্তভোগী আইনজীবী দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নম্বরে যোগাযোগ করেন। পরে তিনি দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করে দুদকের বিশেষ টিম। এ সময় আবদুস সোবহান, ফারুক ইসলাম ও রূপন দাশকে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও চলমান রয়েছে।