1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শাহজালালে জুতার ভেতর সাড়ে ৯ কেজি স্বর্ণ, আটক দুই বিমানকর্মীর পরিচয় প্রকাশ দুর্গাপূজায় গুজব-উসকানি ছড়ানো ঠেকাতে সতর্ক থাকার আহ্বান এসপি মাসুদের হাসানুল হক ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন গণমাধ্যমের লেখা বন্ধ করতে সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী প্রভাবশালীদের অপরাধে অনেক সময় ব্যবস্থা নেয় না আইনশৃঙ্খলা বাহিনী: ডেপুটি স্পিকার সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে প্রাণ গেছে ১৪ জনের ভারত-পাকিস্তানের চেয়ে বেশি গড় আয়ু বাংলাদেশিদের, বলছে ডব্লিউএইচও যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

দুর্গাপূজায় গুজব-উসকানি ছড়ানো ঠেকাতে সতর্ক থাকার আহ্বান এসপি মাসুদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে—এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতা ও জেলা পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার বা শেয়ার করা উচিত নয়। কোনো গুজব, বিভ্রান্তিকর তথ্য বা উসকানিমূলক বিষয় নজরে এলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। কেউ গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সে সম্পর্কেও পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও সেগুলো সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বিকল্প বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখার ওপর জোর দেওয়া হয়।

নারী ভক্তদের কোনো সমস্যা দ্রুত শনাক্ত করে সমাধান এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আশপাশের মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের অনুরোধ করা হয়।

সভায় বলা হয়, ছোটখাটো কোনো বিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে বড় আকার ধারণ না করে, সেজন্য দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে হবে। কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা ও স্থানীয় পরিস্থিতি তুলে ধরেন। তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পুলিশ।

সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্ত, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি