ভারতের বিহারে বন্যার্তদের জন্য হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সারান জেলার পরশুরামপুর গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম অনিল কুমার সিং। তার বয়স ৫৮ বছর। স্থানীয় সরকারি কর্মকর্তারা শনিবার ঘটনাটি নিশ্চিত করেছেন।
বন্যার কারণে দুর্গত এলাকায় সড়কপথে ত্রাণ পৌঁছানো কঠিন হওয়ায় ভারতীয় বিমানবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ত্রাণ বিতরণ করছিল। এ সময় ত্রাণের একটি প্যাকেট নিচে ফেলার পর সেটি অনিল কুমার সিংয়ের মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মারহাওরার সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা (এসডিপিও) সবিন্দ্র কুমার দাস জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট ওই ব্যক্তির মাথায় আঘাত করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের আরেক কর্মকর্তা ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমলেশ কুমার জানান, গ্রামবাসীর কাছ থেকে তারা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন। তবে নিহতের মাথা বা শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
এদিকে একই এলাকায় হেলিকপ্টার নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় সৃষ্ট বাতাসে একটি বাড়ির টিনের চাল উড়ে যায়। সেটি এক নারীর পায়ে আঘাত করলে তিনি আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনিল কুমার সিংয়ের মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তারা মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করেন এবং ঘটনার বিচার দাবি করেন।
সূত্র: এনডিটিভি