শুধু পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়; বরং বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয়েই একজন মানুষ প্রকৃত জ্ঞান অর্জন করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং দূরদৃষ্টির বিকাশ ঘটায়। এই দূরদৃষ্টি মানুষকে সাধারণ দৃষ্টিসীমার বাইরে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে শেখায়। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন থাকলেও পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে শিক্ষার অন্তর্নিহিত মূল্যবোধ হৃদয়ে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, যে শিক্ষা শিক্ষার্থীদের মনে আনন্দ সৃষ্টি করতে পারে না, তা প্রকৃত শিক্ষা হয়ে উঠতে পারে না। শিক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন।
শিক্ষার্থীদের উদ্দেশে রিজভী বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা জেদ থাকা ইতিবাচক। তবে সেই জেদ স্থায়ী করা উচিত নয়। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর আত্মসম্মানবোধকে গুরুত্ব দিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময়ও তাদের নবীনবরণ করা হয়েছিল। সময়ের পরিবর্তন হলেও সংস্কৃতির চিরায়ত ধারা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় এইচএসসি পর্যায়ে শিক্ষক রুহুল আমিনের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস পড়ার অভিজ্ঞতাও তুলে ধরেন রিজভী।
পাঠদানকে আনন্দময় করার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, এমনভাবে পাঠদান করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পায় এবং শ্রেণিকক্ষের প্রতি আগ্রহী হয়ে ওঠে। প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা রয়েছে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সেই সম্ভাবনা বিকশিত করা সম্ভব।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিন।
এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান প্রমুখ।