ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ জন।
শনিবার (২৮ নভেম্বর) হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বর্তমানে হাসপাতালটিতে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশু। নারী রোগীদের একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৬৭১ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪০ বছর বয়সী ফাতেমা এবং নান্দাইল উপজেলার ৮৫ বছর বয়সী মালেকা।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ফাতেমা গত ২০ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে জটিল ডেঙ্গুর পাশাপাশি ফুসফুসে খাদ্য বা তরল প্রবেশজনিত প্রদাহ, শারীরিক শক, হৃদ্যন্ত্রে রক্তপ্রবাহজনিত জটিলতা এবং হৃদ্যন্ত্রের বাম নিলয়ের কার্যক্ষমতা তীব্রভাবে কমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, মালেকা গত ২৫ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে তীব্র কিডনি বিকলতা ও জটিল ডেঙ্গু সিনড্রোমের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মো. আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হওয়ায় ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে জটিলতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।