ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনের পর স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। একই সঙ্গে বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়ায় উৎপাদন কার্যক্রমে ফিরেছে গতি।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় শ্রমিকদের উপস্থিতিতে কর্মচাঞ্চল্য ফিরে আসে।
শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে উত্তপ্ত ছিল গাজীপুরের শিল্পাঞ্চল। আন্দোলনের প্রভাবে জেলার প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফেরায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও নতুন করে আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তারা সন্তুষ্ট। আর কোনো আন্দোলনে যেতে চান না তারা। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানান, এখন থেকে আনন্দের সঙ্গে কাজে মনোযোগ দিতে চান।
একই কারখানার পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগের বেতনে মাসের খরচ চালানো কঠিন ছিল। বিশেষ করে বাড়িভাড়া ও নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে সংসার চালাতে হিমশিম খেতে হতো। নতুন মজুরিতে তারা স্বস্তি বোধ করছেন।
কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন। এতে কারখানাগুলোতে স্বস্তি ফিরেছে। সরকারের নির্ধারিত মজুরিতে শ্রমিকরা সন্তুষ্ট। তার মতে, কারখানার উৎপাদন ভালো থাকলে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই উপকৃত হবে এবং দেশের পোশাকশিল্প এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা কাজে মনোযোগ দেবেন বলে তারা আশা করছেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।