কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে হোসেনপুর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় হোসেনপুর থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক এবং থানার ওসি (তদন্ত) শেখ তাজউদ্দীন আহমেদ।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে থানা-পুলিশ ও ডিবির যৌথ দল পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হোসেনপুর পৌর সদরে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। উপজেলা সদরের স্কুল-কলেজ ও পৌর এলাকার সড়কগুলোতে তাদের উপস্থিতি বেশি দেখা যায়। ইভটিজিংয়ের কারণে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্ক নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।