সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি জানিয়েছেন।
এর আগে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।