বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে জড়িয়ে রয়েছে। বাহিনীটি জাতির আস্থার প্রতীক।
২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বাণীতে তিনি বলেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ সমন্বিত অভিযানে অংশ নেন। এর ফলে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে লড়াই নতুন মাত্রা লাভ করে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা।
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার সমন্বয়ে গড়ে উঠেছে জাতির গর্বিত এই প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে বাহিনীর সাহসী ভূমিকা বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষা কার্যক্রমে বাহিনীর ভূমিকা বাংলাদেশের ভাবমূর্তি ও অবস্থানকে শক্তিশালী করেছে। ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় সশস্ত্র বাহিনীর কার্যকর ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় ছিল। বর্তমান সরকার উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
বাণীতে তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীটির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশি সদস্যরা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছেন। শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান জাতির গৌরব বলেও উল্লেখ করেন তিনি।
বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার জন্য প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি এবং বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।