1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভোলায় নতুন গ্যাসকূপ, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের সম্ভাবনা গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘শেখ হাসিনা ফেরার’ ভিডিও বার্তার পর গ্রেপ্তার সাঈদ খোকন, ডিবিতে জিজ্ঞাসাবাদ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন ডিবিতে হস্তান্তর করা হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ কর্মসূচি ঢাকায় তেমন প্রভাব ফেলবে না বলে সরকার মনে করছে। সারা দেশেও বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা করছে না সরকার।

তিনি বলেন, এর আগেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ছিল। সেসব বিষয়ে আগের ব্রিফিংয়েও সরকারের অবস্থান জানানো হয়েছে। নতুন কর্মসূচি নিয়েও সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি জাতীয় সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। দেশে কোনো ধরনের নাশকতা সরকার সহ্য করবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় দলটির নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর পাশাপাশি সহিংসতা, বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

উপদেষ্টা আরও বলেন, যাঁদের ছবি প্রকাশ্যে এসেছে, তাঁদের গ্রেপ্তার করা হবে। গতকাল থেকে সেখানে যৌথবাহিনী দায়িত্ব পালন করছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যাঁরা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাঁরা নিজেদের বিপদ ডেকে আনছেন। এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।

গোপালগঞ্জে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, কোনো স্থানে দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, প্রত্যাহার মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়। কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে আরও দক্ষ কর্মকর্তার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ একটি অপরিহার্য প্রতিষ্ঠান। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশকে যতটা সম্ভব কম বলপ্রয়োগ করতে হবে এবং হতাহতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।

উপদেষ্টার ভাষ্য, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি এতটাই সহিংস ছিল যে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ ছিল। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি সরকারের সমালোচকরাও এ ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের নজরদারি কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। তবে সেটি নিজে সমস্যা নয়। তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হলে তা উদ্বেগজনক।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতাও সরকারের রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান।

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কী চায় এবং কীভাবে বিষয়টি এগিয়ে নিতে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

তাঁর ভাষ্য, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়। গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থানও যথাসময়ে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি