ভোলায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শেষ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে খনন করা ‘ভোলা নর্থ-৩’ নামের কূপটিতে তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখছে বাপেক্স।
গ্যাসের মজুত ও উত্তোলন সক্ষমতা নির্ধারণে রোববার সকালে কূপটিতে প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করেন প্রকৌশলীরা। পরীক্ষা শেষে গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপ যাচাই করে চূড়ান্ত উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হবে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, পাঁচটি কূপ খনন প্রকল্পের আওতায় গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩-এর খননকাজ শুরু হয়। ২২ অক্টোবর কূপটির ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন হয়। বাপেক্সের তত্ত্বাবধানে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক কূপটি খনন করেছে।
গত শনিবার কূপটির পারফোরেশন কার্যক্রম শেষ হয়। ডিএসটি শুরুর আগে পরীক্ষার স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলও সন্তোষজনক পাওয়া যায়। এখন ডিএসটির ফলাফল বিশ্লেষণ করে গ্যাসের প্রবাহ ও কূপের চাপ সম্পর্কে নিশ্চিত হওয়া হবে।
বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, ভোলা অঞ্চলে এবারই প্রথম চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক কূপ খননের কাজ করেছে। এর আগে রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম ভোলায় সাতটি কূপ খনন করে।
তিনি বলেন, ভোলা নর্থ-৩ কূপে খননকালে তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষার পর গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপ যাচাই করেই চূড়ান্ত উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা যাবে।
ভোলায় গ্যাস উৎপাদন সক্ষমতা বাড়ার সম্ভাবনা
প্রকৌশলী আহসানুল আমিন জানান, বর্তমানে ভোলার নয়টি কূপের মোট উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট। চলমান পাঁচটি কূপ খনন প্রকল্প থেকে প্রত্যাশিত পরিমাণ গ্যাস পাওয়া গেলে উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। সে ক্ষেত্রে ভোলার মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে দৈনিক ২৮২ মিলিয়ন ঘনফুট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। এরপর সেখানে প্রথম গ্যাসকূপে আগুন প্রজ্বলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এ পর্যন্ত ভোলায় ৯টি কূপ খনন করা হয়েছিল। ভোলা নর্থ-৩-এর খননকাজ শেষ হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। এ ছাড়া আরও চারটি কূপ খননের জন্য চীনা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব কূপের জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ভোলার নয়টি উৎপাদন কূপে মোট গ্যাসের মজুত প্রায় দুই ট্রিলিয়ন ঘনফুট বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
আবাসিক সংযোগ ও শিল্পায়নের দাবি স্থানীয়দের
নতুন গ্যাসকূপের সন্ধানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশাবাদ তৈরি হলেও জেলার মানুষ এখনো গ্যাসের সুফল পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, ভোলায় আবাসিক গ্যাস সংযোগ চালু করা হোক এবং স্থানীয় গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা গড়ে তোলা হোক।
ভোলার ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুল বলেন, বর্তমানে ভোলায় গ্যাসের মজুত প্রায় তিন ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি। দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সুযোগ থাকলেও ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। এ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের মানুষ ভোলায় শিল্পনগরী গড়ে ওঠার স্বপ্ন দেখছেন।
আবাসিক গ্যাস সংযোগ, ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পায়নসহ ছয় দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে কয়েক লাখ মানুষের আবেদন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।
আবাসিক সংযোগের পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস বলেন, নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া ইতিবাচক খবর। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে দেশের জ্বালানি সংকট নিরসনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।