নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। শুনানির সময় প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নিজের নামে থাকা ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে আদালত তার সেই আবেদন প্রত্যাখ্যান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। মাদরাসাটির পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১২ বছর বয়সী ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়ার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়। র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নেয়।
মামলার বিচারিক প্রক্রিয়া চলার মধ্যে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়।
প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
এই পরীক্ষার ফলসহ অন্যান্য তদন্ত-সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।