প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত মোবাইল ফোনের টাওয়ার থেকে নামতে রাজি ছিলেন না ১৯ বছর বয়সী এক তরুণী। শেষ পর্যন্ত মুম্বাইয়ে অবস্থানরত প্রেমিকের সম্মতিতে ফোনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে প্রায় ১০০ ফুট উঁচু টাওয়ার থেকে নিচে নামেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের বাহরাইচ জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের মতিপুর এলাকায় গত ২৩ অক্টোবর (শুক্রবার) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে বিরোধের জেরে ওই তরুণী মোবাইল ফোনের টাওয়ারে উঠে যান। প্রায় দুই মাস আগে তাঁর ২১ বছর বয়সী প্রেমিক কাজের সন্ধানে মুম্বাইয়ে চলে যান।
টাওয়ারে ওঠার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে নিরাপদে নিচে নেমে আসার অনুরোধ জানান। তবে প্রেমিকের সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত নামবেন না বলে জানিয়ে দেন তিনি। কেউ তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে নিচে লাফ দেওয়ার হুমকিও দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারের চেষ্টা করে। নারী পুলিশ সদস্যরাও নিরাপদে নিচে নামানোর উদ্যোগ নেন। কিন্তু কোনো প্রচেষ্টাতেই রাজি না হওয়ায় স্থানীয় বাসিন্দারা দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
একপর্যায়ে মুম্বাইয়ে থাকা প্রেমিক বিয়েতে সম্মতি দেন। এরপর স্থানীয় এক কাজিকে ডেকে ফোনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। উভয়ের সম্মতিতে বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই টাওয়ার থেকে নামতে রাজি হন তরুণী।
পরে পুলিশ ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা এ ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।