বরিশালের উজিরপুরে প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে বায়েজিদ মিঠু নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার বিষয়টি পাওয়া গেছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।