ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ২টায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ছরোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ নগরীতে জনসংখ্যা বৃদ্ধি, আবাসিক এলাকা সম্প্রসারণ, বহুতল ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার সংখ্যা বাড়ার সঙ্গে অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধারসেবার প্রয়োজনীয়তাও বাড়ছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা, বাজার ও সরু সড়কে অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেশন নির্মিত হলে অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান, দুর্ঘটনায় সাড়া দেওয়া এবং দুর্যোগকালীন জরুরি কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বাড়বে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে গণপূর্ত অধিদপ্তর, ময়মনসিংহ। যথাযথ নির্মাণমান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করা গেলে স্টেশনটি নগরবাসীর জরুরি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।