সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে পরীমণির উপস্থিত থাকার কথা ছিল।
গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে পরীমণি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ তবে পোস্টার প্রকাশের পরই তাঁর অংশগ্রহণ নিয়ে আপত্তি জানান গণমাধ্যমকর্মীরা।
জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের উদ্দেশে লেখেন, তাঁদের সহকর্মী দৈনিক সমকালের রবি এবং তাঁর মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে পরীমণির পরিবর্তে অন্য অতিথি নির্বাচন করা উচিত।
ওই পোস্টের পর চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যেও প্রতিবাদ জোরালো হয়। পরীমণিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। শেষ পর্যন্ত সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাঁকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে আয়োজক কমিটি জানায়, আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগেই পরীমণির সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের অসম্মান করার অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাংবাদিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে পরীমণিকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁকে ছাড়াই অনুষ্ঠানের নতুন প্রচার পোস্টার প্রকাশ করা হয়েছে।