যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান, যিনি শেখ রহমান চন্দন নামে পরিচিত। তাঁর এই বিজয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। প্রাথমিক ফল অনুযায়ী, শেখ রহমান পেয়েছেন ৩৫ হাজার ১০১ ভোট। এর আগে গত ১৯ মে দলীয় প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে মনোনয়ন নিশ্চিত করেন তিনি।
ছেলের পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বসিত তাঁর মা সৈয়দা হাজেরা খাতুন। সরারচরের বাড়িতে থাকা এই মা আশা প্রকাশ করে বলেন, একদিন তাঁর ছেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।
শেখ রহমানের ছোট ভাই ও বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বড় ভাইয়ের বিজয়ে তাঁরা আনন্দিত। পরিবারের সদস্যরা তাঁর দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। চলতি মাসের শেষ দিকে শেখ রহমান বাংলাদেশে আসবেন বলেও জানান তিনি।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় জন্ম শেখ মুজাহিদুর রহমান চন্দনের। তিনি বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। ৬৪ বছর বয়সী শেখ রহমান ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। পরে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন।
তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজো। তাঁর ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।
শেখ রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন।
গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ মজিবুর রহমান ইকবাল। তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন বড় ভাই শেখ রহমান।