মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর জারি করা রুলের শুনানি আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা চ্যালেঞ্জ করে তিনিই রিটটি দায়ের করেছিলেন।
এর আগে হাইকোর্ট জানতে চেয়ে রুল জারি করেন, বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়াকে কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না।
একই সঙ্গে এমএফএসের সার্ভিস চার্জ নির্ধারণ, ভোক্তা সুরক্ষা এবং জবাবদিহি নিশ্চিত করতে স্বতন্ত্র আইন প্রণয়ন করা হবে না কেন, তা-ও জানতে চাওয়া হয় রুলে। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত মানুষের জন্য যুক্তিসংগত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।