ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে সড়কে পাথর ফেলে গাড়ি থামানোর চেষ্টা; রামদা নিয়ে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তারে পুলিশের তৎপরতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি।
রফিকুল ইসলাম মাদানি জানান, পাকুন্ডা এলাকায় সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি থামিয়ে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও জানান তিনি।
ঘটনার সময় তাঁর গাড়ি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ডাকাতরা পালিয়ে যায় বলে ফেসবুক লাইভে জানান তিনি।
ঘটনার তাৎক্ষণিক পর রফিকুল ইসলাম মাদানি ফেসবুক লাইভে এসে তাঁকে রক্ষার জন্য আকুতি জানান। লাইভে তিনি সড়কে পাথর ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনার বিবরণ তুলে ধরেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।