ছোট একটি খামার চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করতেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হানিফ মিয়া। এবার বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জিতেছেন তিনি। এই অর্থ দিয়ে বড় খামার গড়ে তুলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান করতে চান হানিফ।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
হানিফ মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি একজন বেকার যুবক। ছোট একটি খামার পরিচালনা করে এত দিন জীবিকা নির্বাহ করছিলেন। এখন পুরস্কারের অর্থ কাজে লাগিয়ে খামারটি বড় করার পাশাপাশি এলাকার মানুষের জন্য কাজ করতে চান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিকেএস জাতীয় লটারি প্রকল্পের প্রকল্প পরিচালক হাজী মো. আলম কবির। প্রধান অতিথি ছিলেন ইউএন ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন এবং বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুস সাত্তার দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার দুলাল বলেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এ সময় তিনি বিপিকেএসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আয়োজকেরা জানান, অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর কেটে বাকি টাকা বিজয়ীদের চেকের মাধ্যমে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা, ইমিনেন্ট জার্নালিস্ট অ্যান্ড গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি গোলাম ফারুক মজনুসহ অন্যরা।