1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় রিহ্যাবের দুই কর্মী আটক সড়কে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে নতুন কমিটি কাজ করবে: রিজভী ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, বাদী ও সাক্ষী স্বামীকে ৩ বছরের কারাদণ্ড মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম-বিয়ে, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-ছেলে আটক ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী গাজী নজরুলের জামিন নামঞ্জুর, ‘বিরূপ প্রতিক্রিয়ার’ কথা বললেন বিচারক আঞ্চলিক পর্যায়ে বেতার বিতর্ক প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় রিহ্যাবের দুই কর্মী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে ৬৩ বছর বয়সী এক মানসিক রোগীকে বাসা থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় একটি রিহ্যাবিলিটেশন সেন্টারের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাটিতে ব্যবহৃত হাতকড়াটিও জব্দ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের লাইটহাউস রিহ্যাবিলিটেশন সেন্টারে অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন ওরফে পলাশ (৪৭) ও মো. আমিনুর ইসলাম (৪২) নামের দুই কর্মীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা। তিনি জানান, ওই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নেওয়ার কোনো অনুমোদন রিহ্যাব সেন্টারটির নেই।

পুলিশের তথ্যমতে, মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের একটি বাসায় ৪ থেকে ৫ জন ব্যক্তি প্রবেশ করেন। পরে তারা ওই ৬৩ বছর বয়সী ব্যক্তির হাতে হাতকড়া পরিয়ে তাকে জোর করে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ঘটনাটি দেখে ভবনের অন্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে এক ব্যক্তিকে হাতকড়া পরানো অবস্থায় বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় থাকেন। তার ছোট ভাই চিকিৎসার জন্য তাকে উত্তরার লাইটহাউস রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার ব্যবস্থা করেছিলেন। এর আগেও ওই ব্যক্তিকে সেন্টারটিতে নেওয়া হয়েছিল।

ঘটনার পর উত্তরা পশ্চিম থানার সহায়তায় রিহ্যাব সেন্টারটির বিষয়ে তথ্য সংগ্রহ করে মোহাম্মদপুর থানা। এতে ওই ব্যক্তিকে মোহাম্মদপুরের বাসা থেকে লাইটহাউস রিহ্যাবে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

পুলিশ জানায়, সেন্টারটির মালিকের কাছে রোগীকে হাতকড়া পরানোর আইনগত বৈধতা সম্পর্কে জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। রিহ্যাবে নেওয়ার সময় কিছু ব্যক্তির ক্ষেত্রে হাতকড়া ব্যবহারের কথাও তিনি স্বীকার করেন।

অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, অসুস্থ ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নেওয়ার অনুমতি ওই রিহ্যাব সেন্টারের নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়।

আটক দুই কর্মীকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে লাইটহাউস রিহ্যাবিলিটেশন সেন্টার কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি