আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের আওতা থেকে কাউকে বাদ দেওয়া হবে না। এমনকি রাষ্ট্রপতির স্ত্রীও এই কার্ড পাবেন বলে উল্লেখ করেন তিনি। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান।
অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনাও করেন মীর শাহে আলম। তিনি দাবি করেন, বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে।
তেলের সংকটের মধ্যে ১১ দল কীভাবে লংমার্চ করেছে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, লংমার্চের মাধ্যমে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।
এ সময় রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের কাজে মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।