রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে প্রক্টর বলেন, কয়েক দিন ধরে রাবি রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছিল। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন হয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে।
এরপর মঙ্গলবার প্রথমে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পরে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হয়েছে।
প্রক্টর জানান, আটক ব্যক্তিদের রিমান্ডে নিয়ে ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এর আগে কয়েক দিন ধরে রাবি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এসব ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশনের আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।