রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফেসবুক লাইভে সালমান মুক্তাদিরের দেওয়া কিছু বক্তব্য বিতর্ক তৈরি করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদির একদিকে বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি এবং দাবি করলে তিনি তা দিতেন। অন্যদিকে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এ ধরনের ঢালাও অভিযোগের কোনো ভিত্তি নেই।
নিজের দিকেও ইঙ্গিত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতার কারণে যে কেউ তাকে উদ্দেশ করে বক্তব্য দিতে পারেন। তবে তিনি প্রশ্ন তোলেন, সালমান মুক্তাদির তার অভিযোগের বিষয়ে কোনো মামলা করেছেন কি না।
হামলার ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির আক্রান্ত হয়েছেন—এটি তারা দেখেছেন। এ বিষয়ে একটি প্রাথমিক তদন্ত হয়েছে, তবে সেটি সংক্ষিপ্ত। আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে খুব শিগগির মামলা হতে পারে।
এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে এবং রোববার সকালে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের আটকের পরও এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে থাকা স্টুডিওতে হামলার পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করেন। সেখানে স্টুডিওর বিভিন্ন অংশ ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মীদের কয়েকজনকেও সেখানে কান্নারত অবস্থায় দেখা যায়।
অন্যদিকে, স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, কেউ আইন লঙ্ঘন করলে বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা দমন করবে।
মাহদী আমিন বলেন, সরকারি কর্মকর্তা বা রাজনৈতিক দলের কারও নাম-পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ড চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের মাধ্যমে দ্রুত গ্রেপ্তারের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিচ্ছিন্নভাবে কোথাও আইন লঙ্ঘনের ঘটনা ঘটলেও দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করা হবে বলে জানান তিনি।