1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।

সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে মহাসড়কে এসে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে হত্যার বিচার দাবি করছেন। এ সময় তারা নানা স্লোগানও দেন।

দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান জানান, অবরোধের কারণে দুই পাশে যানজট বাড়ছে। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। একই দিন বিকেলে আনাস নামে আরও একজনকে এসআরবি আটক করে। আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় রোববার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা পুলিশ। এরই মধ্যে রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমকে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি